উন্নয়ন বার্তা প্রতিবেদন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পর আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।
আজ বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে আন্দোলনকারীরা ওই সব ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সমানে যাওয়ার চেষ্টা করেননি। এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার। প্রায় ঘণ্টাখানেক মিছিল শেষে তাঁরা ফের নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে তাঁরা নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটা পর্যন্ত তাঁরা নগর ভবনের সামনে অবস্থান করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করা হবে।

