ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবিশ্বইয়েমেনে ‘গোপন কারাগার’ পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করল সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেনে ‘গোপন কারাগার’ পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করল সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সৌদি আরব–সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন অভিযোগের পর উপসাগরীয় দুই মিত্র দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

দুবাই থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগকে ‘ইচ্ছাকৃতভাবে সাজানো’ ও ‘সত্য উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের নির্লজ্জ প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে।

সোমবার ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সৌদি ও আমিরাত–সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পরই গোপন কারাগার পরিচালনার অভিযোগ সামনে আসে। এ ঘটনার পর পরিস্থিতির অবনতি হলে আবুধাবি ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে সামরিক অভিযানে যুক্ত হয়। তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করলে দুই দেশের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে।

গত মাসে হাদরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র স্থলবাহিনীর মাধ্যমে ঠেকানো হয়। এতে দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে।

সোমবার সৌদি–সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে হাদরামাউত সফররত বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের—এএফপিসহ—গভর্নর দাবি করেন, সেখানে আমিরাতি বাহিনীর ব্যবহৃত একাধিক ‘গোপন কারাগার’ পাওয়া গেছে।

এর জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো মূলত সামরিক আবাসন, অপারেশন কক্ষ এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে নির্মিত হলেও সেগুলো কোনোভাবেই কারাগার নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং যারা এ কাজ করছে, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠছে।

এদিকে সৌদি আরব সরকার–নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা জোরদার করেছে। অপরদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ও জনবহুল এলাকা এখনও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

 
 
RELATED ARTICLES