ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবিশ্বআফগানিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান

আফগানিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান

কাবুলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা হামলায় একজন চীনা নাগরিকসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় আফগানিস্তানের প্রতি দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চীন।

আফগানিস্তানের সঙ্গে চীনের প্রায় ৭৬ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্ত রয়েছে। একই সঙ্গে তালেবান সরকারের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে জানান, আফগান কর্তৃপক্ষের কাছে চীন জরুরি বার্তা পাঠিয়েছে। এতে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং চীনা নাগরিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

কাবুল শহরের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, সোমবার কাবুলের মধ্যাঞ্চলে অবস্থিত ‘চাইনিজ নুডল’ নামের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় একজন চীনা নাগরিক ও ছয়জন আফগান নিহত হন।

এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের তথ্যমতে, এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক শাখা। এটি ছিল চীনা নাগরিকদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা।

পুলিশ জানায়, শার-ই-নও এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁটিতে মূলত চীনা মুসলমানদের যাতায়াত বেশি ছিল।

বেইজিং আরও জানায়, হামলায় পাঁচজন চীনা নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে আফগানিস্তান ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে তালেবান কর্মকর্তারা দেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিদেশি সহায়তা কমে যাওয়ায় রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

RELATED ARTICLES