ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবিশ্বআফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলা

সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, অভিযানে ‘সন্ত্রাসী শিবির ও আস্তানা’ লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি শিবিরে ‘নির্বাচিত অভিযান’ চালানো হয়েছে। সীমান্ত অঞ্চলে আইএসের একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে হামলা চালানো হয়। পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলার কথাও বলা হয়েছে।

পাকিস্তানের দাবি, ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়েছে—এমন ‘চূড়ান্ত প্রমাণ’ তাদের কাছে রয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

শনিবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর আগে বাজাউরে বিস্ফোরকভর্তি গাড়ি হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয় বলে জানানো হয়। এছাড়া ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খদিজা তুল কুবরা মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে; যার দায় স্বীকার করে আইএস।

উল্লেখ্য, ২০২০ সালে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান যে চুক্তি স্বাক্ষর করেছিল, তাতে আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার না করার অঙ্গীকার ছিল। ওই অঙ্গীকার বাস্তবায়নে কাবুলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে পাকিস্তান।

RELATED ARTICLES