ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়আজ থেকে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট শুরু

আজ থেকে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকাল ৫টা থেকে পোস্টাল ভোট প্রদান করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।

ইসি আরও জানায়, ভোট প্রদান শেষে আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

ইসির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি ভোট প্রদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকবে।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

RELATED ARTICLES