ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নআগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার: খাদ্যমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার: খাদ্যমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, হাজার বছর আগে যারা পৃথিবীতে এসেছিলেন, তারা পৃথিবীকে সুন্দর করে রেখে গেছেন বলেই আমরা তা উপভোগ করতে পারছি। তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব।

মন্ত্রী বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং এ কাজে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে অধিকার ও বাকস্বাধীনতার দেশ। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং লক্ষ্য হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করা।

তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা গেলে সামগ্রিক অর্থনীতি আরও মজবুত হবে। উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত ভিত্তি খাদ্য নিরাপত্তা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদন জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, দেশে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে; মানুষ বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি চায় না। তিনি বলেন, তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছে।

RELATED ARTICLES